ওমিক্রন আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে বর্তমানে করোনা রোগীদের ৪০ শতাংশই ওমিক্রন ধরনে আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। গতকাল সোমবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাজিদ জাভিদ বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এই মুহূর্তে যুক্তরাজ্যে করোনা রোগীদের ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। অভূতপূর্ব গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। প্রতিদিনই এতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ-তিনগুণ হারে বাড়ছে। এত ব্যাপক সংক্রামক ভাইরাস এর আগে আমরা দেখিনি।’

তিনি বলেন, ‘ওমিক্রনে আক্রান্ত রোগীদের হার এবং দেশের বর্তমান করোনাচিত্র বলছে সামনেই একটি করোনা ঢেউ অপেক্ষা করছে আমাদের জন্য এবং খুব দ্রুতই, আবারও আমাদেরকে ভ্যাকসিন বনাম ভাইরাস প্রতিযোগিতায় নামতে হবে।’

ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ওমিক্রনে আক্রান্তদের মধ্যে মাত্র একজন মারা গেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। সম্প্রতি কয়েকজন আক্রান্ত হওয়ার পর গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। অবশ্য এক গবেষণায় জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় এই ধরনটির ব্যাপারে বিশ্বকে জানানোর ৫ দিন আগে নেদারল্যান্ডসে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের ৫৭টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন।