জেএসএস নেতাকে গুলি করে হত্যা

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার একটি পাহাড় থেকে তার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এই নেতার নাম পুশৈ থোয়াই মারমা (৪২)। তিনি জেএসএসের বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পুশৈ উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়ার অংসা চিং মারমার ছেলে।

পুলিশ জানায়, রবিবার রাতে চেমী ডলুপাড়া বাজার থেকে পুশৈ থোয়াইকে কয়েকজন অস্ত্রধারী ধরে নিয়ে যায়। রাতের কোনো এক সময়ে তার মাথার এক পাশে গুলি করে হত্যা করে। গতকাল সকালে চন্দ্রঘোনা সড়কের আমতলী এলাকার একটি উঁচু পাহাড়ের ঢালে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবামং জানান, পুশৈকে হত্যা করা হয়েছে বলে শুনেছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানেন না তিনি।

বান্দরবান সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, জেএসএস নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি। কারা পুশৈকে খুন করেছে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।