বৃদ্ধাকে চাপা দিয়ে ৫০০ গজ টেনে নিয়ে গেল ট্রাক

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাদিজা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদিন চট্টগ্রামের ফটিকছড়ি ও মাদরীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। এসব দুর্ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। 

দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত

প্রত্যক্ষদর্শীদের বরাতে খুলনা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল বেলা ১টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া গ্রামের দোকানঘর নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত এরশাদ আলী শেখের স্ত্রী খাদিজা বেগম। সে সময় খুলনার দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ট্রাকের সামনে মহাসড়কের ওপর পড়ে যান। পরে তার ওপর দিয়েই চলে যায় ট্রাক। খাদিজা ট্রাকের পেছনের চাকায় আটকে গেলে তাকে প্রায় ৫০০ গজ দূরে টেনে নিয়ে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. মেহেদী হাসান বলেন, লাশটি দেখে চেনার উপায় নেই। এ কারণে পরিবারের দাবির মুখে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানান সেখানকার প্রতিনিধি। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, সোমবার দুপুরে মাদারীপুর মস্তফাপুরের চাপাতলী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় ইসমাইল হোসেন (৫০) নামে ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ইসমাইল ঝালকাঠি জেলা সদরের বাড়াউআরি গ্রামের আলী আকবরের ছেলে।

মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বলেন, ওই মোটরসাইকেলে নিহত ব্যক্তি একাই ছিলেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। 

এদিকে গতকাল চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। ইয়াছিন (১৭) নামের ওই কিশোর রবিবার রাতে দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সেখানে তার মৃত্যু হয়। 

ইয়াছিন ভূজপুর ইউপির ৪নং ওয়ার্ডের মাওলানা জালাল বাড়ির মোহাম্মদ মাহফুজের ছেলে। এ ঘটনায় একই এলাকার আবুল বশরের ছেলে মোহাম্মদ রাজ্জাক (১৭) ও মোহাম্মদ মুনসুরের ছেলে মজিদ (১৮) গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভূজপুর থানার ওসি।

এদিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মো. আবুল হোসেন খন্দকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত হাতেম খন্দকারের ছেলে।

এ বিষয়ে কামারখন্দ থানার এসআই মো. আজিম উদ্দিন বলেন, ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।