দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও শনাক্ত হার বেড়েছে। এ সময়ে মৃত্যু বেড়েছে ১৭ দশমিক ৪ শতাংশ এবং রোগী বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি সুস্থতা কমেছে ৪ শতাংশ। গত এক সপ্তাহে করোনায় মারা গেছে ২৭ জন; তাদের মধ্যে টিকা নেননি ২২ জন বা ৮১ দশমিক ৫ শতাংশ। এ সময়ে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ৬৬ দশমিক ৭ শতাংশ বা ১৮ জনের কো-মরবিডিটি বা বিভিন্ন রোগ ছিল। গত ৬-১২ ডিসেম্বর পর্যন্ত সাত দিনের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তরের এপিডেমিওলজিক্যাল প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, দেশে এক দিনের ব্যবধানে করোনায় শনাক্ত রোগী ও শনাক্ত হার বেড়েছে এবং মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) শনাক্ত হয়েছে ৩৮৫ জন ও মারা গেছে ৩ জন। এর আগের দিন রবিবার ৩২৯ জন শনাক্ত এবং ৬ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩৩৫ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক মোট শনাক্তের ৮৭ শতাংশ। এ সময়ে দেশের ৩৬ জেলায় কারও শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েনি।
অধিদপ্তর জানিয়েছে, দেশে গত একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ। গত এক দিনে দেশে ২২ হাজার ৩৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন শনাক্ত করোনা রোগী নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ লাখ ৩৩ হাজার ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ৩৭ হাজার ৭৮ জন রয়েছে।