পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসাছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর তা ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে এ ঘটনার পর গত রবিবার রাতে কামরুল আকন (২৬) ও হাবিব আকন (৩০) নামে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদ্রাসার দশম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এলাকার বখাটে কামরুল। এর মধ্যে কামরুল, হাবিব আকনসহ চার-পাঁচজন ওই ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আ. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা এবং গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈরে খাবার হোটেল মালিকের বিরুদ্ধে তার নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১-এর সদস্যরা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে
কালিয়াকৈরে নারী কর্মচারী ধর্ষণের শিকার : গাজীপুরের কালিয়াকৈরে খাবার হোটেল মালিকের বিরুদ্ধে তার নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার নাম সুবল চন্দ্র ঘোষ (৩০)। এ ঘটনায় থানায় গেলে পুলিশ অভিযোগ নিচ্ছে না বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই নারী।
ওই নারী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ‘সকাল-সন্ধ্যা’ নামে সুবল চন্দ্রের একটি খাবার হোটেল রয়েছে। বিয়ে করবে বলে ওই নারী কর্মচারীকে আট মাস ধরে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছে। এর মধ্যে ১০-১২ দিন আগে সুবল তার নারী কর্মচারীকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত ৪ ডিসেম্বর কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ধর্ষণের শিকার নারী ওই হোটেলে গিয়ে অনশন করলে হোটেল মালিকসহ তার অন্য কর্মচারীরা তাকে মারধর করে।
নারীর অভিযোগ পেয়ে কালিয়াকৈর থানার এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে তদন্তে যান। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা হোটেল মালিক সুবলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। উল্টো তার কাছ থেকে টাকা নিয়ে ওই নারীকে হুমকিধমকি দেন।
হোটেল মালিক সুবল চন্দ্র ঘোষ বলেন, ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ আমার হোটেলে আসে। পরে ওই পুলিশ ও নারীসহ ৭০ হাজার টাকায় মিটমাট করেছি।
টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে কালিয়াকৈর থানার এসআই শফিকুল ইসলাম জানান, বাদী নিজেই তার অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন। ধর্ষণের অভিযোগ কীভাবে প্রত্যাহার করলেন জানতে চাইলে তিনি এ বিষয়ে ওই বাদীর সঙ্গে কথা বলতে বলেন।
গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার : গাজীপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যরা। গত রবিবার রাতে গাজীপুর মহানগরীর উত্তর সালনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো নগরীর উত্তর সালনা এলাকার মাহজারুল ওরফে মাজুর ছেলে রাশেদুল (২৬), ওই বাড়ির ভাড়াটিয়া সোহেল রানার ছেলে জাবেদ (১৯) ও উত্তর সালনা এলাকার খোরশেদের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে মুয়াজ উদ্দিন (১৮)।
র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান, রবিবার রাত ৭টার দিকে মহানগরীর উত্তর সালনা এলাকার এক শিশুকে জাবেদ ও মুয়াজ অপহরণ করে। পরে তাকে সালনা গরুর হাটসংলগ্ন সরকারি বাগানে নিয়ে গিয়ে রাশেদুল ওই শিশুকে ধর্ষণ করে। পরে ওই শিশুর পিতা বাদী হয়ে রবিবার গাজীপুর র্যাব-১ কার্যালয়ে এসে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।