ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ৬নং ইউপি সদস্য নাসির মোল্লাকে (৩৩) কুপিয়ে জখম করেছে স্থানীয় মো. শহিদুল (৫৫) নামের এক ব্যক্তি। পরে পুলিশ অভিযুক্ত শহিদুলকে আটক করেছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষ্কুল গ্রামে রাস্তা আটকিয়ে বেড়া (বেষ্টনী) দেওয়ার সময় স্থানীয় মেম্বার বাধা দেয়ায় এ ঘটনা ঘটে।
আহত নাসির মোল্লা হরিষকুল গ্রামরে আনছার মোল্লার ছেলে। তিনি যন্ত্রাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার। অভিযুক্ত শহিদুল রংপুর জেলার পিরগাছা থানার আরাদি প্রতাপ বিষু গ্রামের সাত্তার মিয়ার ছেলে।
তিনি উপজেলার কলাকোপা ইউনিয়নের শুরগঞ্জ সামসুর নাহারকে বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয় ও পুলশি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শহিদুল হরিষকুল গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে হরিষকুল মোহাম্মদিয়া কওমি মাদ্রাসার রাস্তা আটকিয়ে বেড়া দিচ্ছিলেন।
এ সময় স্থানীয় মেম্বার নাসির মোল্লা বিষয়টি জানতে পেয়ে শহিদুলকে রাস্তায় বেড়া দিতে বারণ করেন। এ সময় দুজনের মাঝে কথা-কাটাকাটি হলে শহিদুল রেগে গিয়ে নাসিরের গলার বাম পাশে তার হাতে থাকা খুন্তি (শাবল) দিয়ে কোপ দেন। নাসির চিৎকার দিলে স্থানীয়রা নাসির মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠান।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মৃতরঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে উপজেলার শুরগঞ্জ থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।