চট্টগ্রামের হাটহাজারীতে মো. এরশাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে নিজ বাসভবনের ছাদে নির্মমভাবে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে মধ্যপ্রাচ্য প্রবাসী আপন ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর মিরেরখীল খন্দকারপাড়া এলাকার নূর জাহান ভবনে এ ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ী হাটহাজারী উপজেলার মৃত খোরশেদ আলমের ছেলে বলে জানা গেছে। তার মিমহা নামে ছয় বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী রহিমা বেগম ও শ্যালক মো. ইলিয়াস জানান, নিহতের হাটহাজারী কাচারী সড়কের এন জহুর শপিং সেন্টারে মীম কসমেটিকস নামে একটি দোকান রয়েছে। তার ছোট ভাই মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী মো. মঞ্জু প্রবাস থেকে ফোনে বড় ভাই এরশাদকে টাকার জন্য হুমকি দিতেন। শুক্রবার মঞ্জু প্রবাস থেকে বাড়িতে আসেন। সোমবার রাতে দুই ভাই এক সঙ্গে খাবার খায়। খাবার খাওয়ার পর দুই ভাই ভবনের ছাদে ওঠে। কিছুক্ষণ পর প্রবাস থেকে আসা ছোট ভাই মঞ্জু চিৎকার করে বলতে থাকে মুখোশধারী কিছু লোক তার বড় ভাই ব্যবসায়ী এরশাদকে ছুরিকাহত করে, তাকে মারধর করে পালিয়ে গেছে। তার চিৎকার শুনে নিহতের স্ত্রী ও শ্যলক ছাদের উপরে উঠে এরশাদকে ছুরিকাহত অবস্থায় মৃত দেখতে পায়। বিষয়টি রাতে পুলিশকে অবহিত করলে সুরুত হাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছোট ভাই মঞ্জুকে আটক করে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সহায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা মৃত্যুর ঘটনা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে মঞ্জুসহ কয়েক জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেছেন। মঞ্জুকে মঙ্গলবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।