ইউপি নির্বাচন

সাংসদ নাহিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের সাংসদ নাহিম রাজ্জাকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। গতকাল মঙ্গলবার বিকেলে ডামুড্যা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক পিন্টু। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ধানকাঠি ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন,‘আবেদনটি আমরা পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে।’

পিন্টুর লিখিত অভিযোগে বলা হয়, ‘এটি একটি উন্মুক্ত নির্বাচন। কিন্তু শুরু থেকে স্থানীয় সাংসদ নাহিম রাজ্জাক এ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ইতিপূর্বে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানান রকম চাপ প্রয়োগ করা হয়েছে। বর্তমানে আমার লোকজনকে হুমকিধমকি ও মামলার ভয় দেখানো হচ্ছে। তিনি তার সংসদ ভবন অফিসে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন। ১৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে সাংসদ ধানকাঠি ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের ছয়টি স্থানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। একজন চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে সভা করে ভোট চেয়েছেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পদে পদে বিঘœ সৃষ্টি করছেন। সাংসদ বলেছেন, আবার ভোটের আগে এলাকায় আসব। তার নেতাকর্মীদের শুধু একটাই হুঙ্কার, নির্বাচন স্বাভাবিকভাবে হতে দেওয়া হবে না।’ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন তিনি।

আবদুর রাজ্জাক পিন্টু বলেন, ‘গত ১৩ ডিসেম্বর সাংসদ ধানকাঠি ইউনিয়নে তার সমর্থিত প্রার্থী গোলাম মাওলা রতনের (ঘোড়া প্রতীক) পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রতনের প্রতীক ছিল চশমা। ইউনিয়নের ৩ নম্বর, ১ নম্বর, ২ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডের ছয়টি জায়গায় ঘোড়া প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন সাংসদ।’

সাংসদ নাহিম রাজ্জাক মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘আমি ইউনিয়নগুলোতে ঘুরেছি। কিন্তু কারও পক্ষে ভোট চাইনি। আমি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রার্থীসহ স্থানীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানাই।’