দেয়াল ধসে শিশুর মৃত্যু

কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল

রাজধানীর আজিমপুরে দেয়াল ধসে শিশু জিহাদের (৭) মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। শিশুর বাবা নাজির হোসেন ও বেসরকারি সংগঠন আইন অধিকার ফাউন্ডেশনের করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

স্থানীয় সরকার সচিব, গণপূর্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান প্রকৌশলী, গণপূর্ত বিভাগ লালবাগ জোনের উপবিভাগীয় প্রকৌশলীসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও মো. মনির হোসেন হাওলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। অ্যাডভোকেট মহিদুল দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত জিহাদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল দিয়েছেন। রুল চলমান থাকা অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণের জন্য একটি সম্পূরক আবেদন করতে পারি।’

গত ৯ নভেম্বর লালবাগ শহীদনগর এলাকার বাসিন্দা নাজির হোসেন ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময় শেখ সাহেববাজার সরকারি কলোনির দেয়াল ধসে চাপা পড়ে জিহাদ। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। জিহাদ আজিমপুর দিবাকালীন শিশুযতœ কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়ত।