সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিরাট কোহলি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন বিরাট কোহলি।
টি-টোয়েন্টির পর সদ্য ওয়ানডে থেকেও নেতৃত্ব হারিয়েছেন তিনি। কোহলির পরিবর্তে ভারতকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
অধিনায়কত্ব হারানোর পরপরই কোহলির দ.আফ্রিকার সফরে ওয়ানডে সিরিজ না খেলার গুঞ্জন ডালপালা মেলতে থাকে। তবে রোহিতের হাতে নেতৃত্ব ওঠার এক সপ্তাহ পর জানা গেল, প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন কোহলি।
মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কোহলির প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন চলছে।
তবে বুধবার সব জল্পনা-কল্পনা উড়িয়ে কোহলি সংবাদমাধ্যমে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আমি এভেইলেভল ছিলাম এবং আছি। নির্বাচক কমিটির সাক্ষাতের দেড় ঘণ্টা আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রধান নির্বাচক টেস্ট দলের সঙ্গে আলোচনা করেছেন। এরপর প্রধান নির্বাচক আমাকে বলেন, আমি আর ওয়ানডে অধিনায়ক থাকছি না। বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়েছি। তবে এর আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি।’
রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। তার অধীনে ভারতের টেস্ট ও ওয়ানডে লাইন-আপে বেশ পরিবর্তন এসেছে।
তিন ম্যাচের টেস্ট ও সমান ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। দুই দলের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। ১৯ থেকে ২৩ জানুয়ারি হবে তিন ওয়ানডে সিরিজ।