অভিমান ভেঙে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কামরান আকমল। পেশোয়ার জালমিতেই থাকছেন এই উইকেটরক্ষক।
প্লেয়ার্স ড্রাফটে অবনমন হওয়ায় পিএসএলের আসন্ন আসর না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন কামরান। কিন্তু পেশোয়ার জালমির কোচ ও পরিচালক মোহাম্মদ আকরামের সঙ্গে আলোচনার পর ইউটার্ন নিলেন ৩৯ বছর বয়সী তারকা।
এবারের প্লেয়ার্স ড্রাফটে সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটারকে রাখা হয় সিলভার ক্যাটাগরিতে। কিন্তু এই ক্যাটাগরিতে থেকে খেলাকে অপমানজনক মনে করেন কামরান। নিজের ইউটিউব চ্যানেলে এসে জানিয়ে দেন, ২৭ জানুয়ারি থেকে করাচিতে শুরু হওয়া পিএসএলের সপ্তম আসরে খেলতে চান না তিনি।
২০১৬ সাল থেকে শুরু হওয়া পিএসএলের প্রথম আসর থেকে পেশোয়ার জালমিতে আছেন কামরান। এই ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগের শুরুতে তিনি ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। এরপর তাকে রাখা হয় গোল্ড ক্যাটাগরিতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা খেলোয়াড়দের নতুন শ্রেণিবিন্যাসে আকমল ভাইদের বড়জনকে এবার রাখা হয় সবচেয়ে নিচের শ্রেণি সিলভার ক্যাটাগরিতে। এই শ্রেণিতে পেশোয়ার জালমি দলে রাখে তাকে।
কিন্তু পিএসএল ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের পছন্দ হয়নি এই ক্যাটাগরি। প্লেয়ার্স ড্রাফটের একেবারে নিচু ক্যাটাগরিতে থাকাকে অপমানজনক মনে করে তিনি ঘোষণা দেন পিএসএলের সপ্তম আসর না খেলার।
পাকিস্তানের এই শীর্ষ পর্যায়ের উইকেটরক্ষক-ব্যাটার জানান, ‘আমি মনে করি না, আমি সিলভার ক্যাটাগরিতে খেলার যোগ্য।’
তবে পেশোয়ার জালমির সঙ্গে অভিমানের পালা শেষ হয়েছে কামরানের। পরিবারের সঙ্গেই থাকছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটিও জানিয়েছে, কামরান তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
কামরানকে জাতীয় দলে শেষবার দেখা গেছে ২০১৭ সালে। জাতীয় দলের হয়ে তিনি ৫৩ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন।