দেশে এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমণ কিছুটা কমেছে। এ সময় করোনায় মারা গেছেন তিনজন। রোগী শনাক্ত হয়েছে ২৫৭ জন এবং শনাক্ত হার ছিল ১ দশমিক শূন্য ২ শতাংশ। এর আগের দিন গত বুধবার মৃত্যু ছিল ৪, রোগী শনাক্ত হয়েছিল ২৯৭ জন এবং শনাক্ত হার ছিল ১ দশমিক শূন্য ৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করোনার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪১ জন এবং মোট রোগী ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন।
গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের ২০২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৮ শতাংশের বেশি। যে ৩ জন মারা গেছেন তাদের মধ্যে ১ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। দেশের বাকি পাঁচটি বিভাগে এক দিনে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে ২৫ হাজার ২০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে ১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং ২ জনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩ জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।