অ্যাডিলেডের দিবারাত্রি টেস্টের দ্বিতীয় দিনও স্বস্তিতে পার করল অস্ট্রেলিয়া। ৪৫৬ রানে এগিয়ে থেকে প্যাভিলিয়নে ফিরেছে অজিরা।
হালকা বৃষ্টি, বজ্রপাত ও আলোকস্বল্পতার কারণে আগেভাগে পরিত্যক্ত হয়ে গেছে দ্বিতীয় দিনের খেলা। পুরোদিনে খেলা হয়েছে ৭০ ওভারের মতন। যা আগেরদিনের চেয়ে প্রায় ১৯ ওভার কম। তার মধ্যে ১৫০.৪ ওভারে ৯ উইকেটে ৪৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসের শুরুতে বিপদে পড়া ইংল্যান্ড ৮.৪ ওভারে ১৭ রান করতেই হারিয়ে ফেলেছে দুই ওপেনার হাসিম হামিদ (৬) ও রোরি বার্নসকে (৪)। অভিষেক টেস্ট খেলতে নেমেই উইকেটের দেখা পেয়েছেন অজি পেসার মাইকেল নেসার।
শুরুতেই সফরকারীদের ব্যাটিং লাইন-আপে আঘাত হানেন আরেক পেসার মিচেল স্টার্ক। ডেভিড মালানকে (১) সঙ্গে নিয়ে তৃতীয়দিন শুরু করবেন অধিনায়ক জো রুট (৫)। আগেভাগে দ্বিতীয় দিনে প্যাভিলিয়নে ফিরতে হওয়ায় আগামীকাল ১৯ মিনিট আগে মাঠে নামবেন তারা। এর আগে প্রথম টেস্টে রুট-মালানের লড়াইয়ে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছিল ইংল্যান্ড।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শুরু করেন মার্নাস লাবুশানে ও স্টিভেন স্মিথ। দুই ব্যাটারের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় অজিরা। লাবুশানে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ৯৫ রান নিয়ে দিন শুরু করে ১০৩ রানে ওলি রবিনসনের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
ডেভিড ওয়ার্নারের মতো আক্ষেপে পুড়েছেন স্মিথও। ৯৩ রানে জেমস অ্যান্ডারসনের বলে ফিরতে হয় অজি অধিনায়ককে। আগেরদিন নার্ভাস নাইনটিতে ফিরতে হয়েছিল ওয়ার্নারকে। নিজের দ্বিতীয় টেস্টে এসে প্রথম ফিফটির দেখা পেয়েছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। অজিদের টেল-এন্ডাররাও বেশ ভুগিয়েছেন ইংলিশ বোলারদের।
পাঁচ ম্যাচের অ্যাশেজে ব্রিসবেন টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া।