সিলেটে ট্রাকের ধাক্কায় ২ পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটকের মৃত্যু হয়েছে। তারা জাফলং পর্যটনকেন্দ্র ঘুরে সিলেটে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন, চাঁদপুর জেলা সদরের রঘুনাথপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী (২৮) ও ভোলা জেলার বোরহানউদ্দিন গ্রামের কামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৬)।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, ইউসুফ, সোহেলসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে বুধবার সিলেটে আসেন। তারা সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। শুক্রবার তারা জাফলং যান। জাফলং ভ্রমণ শেষে মোটরসাইকেলে ফেরার পথে গুচ্ছগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ ও সোহেল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে গোয়াইনঘাট থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়েছেন।