ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জিগা গ্রামের নানানদহ খালের হরিবুলা ব্রিজটি ভেঙে পড়ার পর বর্তমানে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। ২০১৭ সালে ব্রিজটি ভেঙে পড়ার পর চার বছর ৪ মাস পেরিয়ে গেলেও এটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে আশপাশের চার গ্রামের বাসিন্দাদের।
জানা যায়, ২০০৮ সালে নানানদহ খালের ওপর ৫০ ফুট দীর্ঘ এ সেতু নির্মাণ করা হয়। ২০১৭ সালের আগস্টে বন্যার সময় সেতুটির দুই পাশ দেবে গিয়ে ভেঙে যায়। সেতুর এক পাশে মাগুড়া, বহুতি, জিগা ও মুলকান গ্রাম। এ চার গ্রামের মানুষ চৌরঙ্গী বাজার, কাঁঠালডাঙ্গী বাজার ও যাদুরনিহাটে যাওয়ার জন্য এ সেতুটিই একমাত্র ভরসা।
সরেজমিনে দেখা যায়, স্থানীয়রা সেতুর দুই পাশের ভাঙা অংশে বাঁশের খুঁটির ওপর কাঠ বিছিয়ে পারাপারের একটি ব্যবস্থা করেছেন। কিন্তু তা দিয়ে শুধু মানুষজন পায়ে হেঁটে ও সাইকেলে পারাপার হতে পারেন। কোনো যানবাহন চলাচল করতে পারে না।
মুলকান গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘ভাঙা ব্রিজের কারণে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে হাটে যদি কেউ পণ্য নিয়ে যেতে চায় তবে খুব সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় ৪ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে বাজারে যেতে হয়।’
মাগুড়া গ্রামের বাসিন্দা তফিজুল ইসলাম বলেন, ‘এপারের অনেকেরই ওপারে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত রয়েছে। সেসব ফসল আনতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে।’
একই গ্রামের আবদুল জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এই ভোগান্তি সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হরিপুর উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান বলেন, ‘আমি এখানে তিন মাস হলো যোগদান করেছি। সেতুর বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান বলেন, ‘সমস্যাটি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’