কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল।
এ সময় ইয়াবা পাচারকারী চক্রের ৮ সদস্যসহ একটি ফিশিং ট্রলার জব্দ করে কোস্টগার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে সমুদ্র পথে সেন্টমার্টিন দ্বীপ উপকূল দিয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার করার গোপন সংবাদ পাওয়া যায়।
কোস্টগার্ডের একটি আভিযানিক দল আজ ভোর রাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের কাছে অবস্থান নেয়।
এ সময় মিয়ানমার উপকূল থেকে ছেড়াদ্বীপের কাছাকাছি একটি ফিশিং ট্রলার আসতে দেখে কোস্টগার্ডের টিম ফিশিং ট্রলারটি আটক করে।
পরে ট্রলারটি তল্লাশি করে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে। কোস্টগার্ড ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ট্রলার থেকে ৮ জনকে আটক করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা ইয়াবাসহ ৮ পাচারকারীকে আজ দুপুরে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।