দুদিন বন্ধের পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম আবারও শুরু হয়েছে।

এদিকে ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরা চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আজ শনিবার সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সেই সঙ্গে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড ডেলিভারিসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।