পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। কভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি সফর বাতিল করেন। গতকাল শনিবার দেশ রূপান্তরকে সফর বাতিলের বিষয়টি তিনি নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় বর্তমানে নিজবাসাতেই তিনি আইসোলেশনে রয়েছেন। তবে দেশের হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। বৈঠকে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
গত ৯ বছরে বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে কোনো সফর হয়নি। সবশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে সফর করেছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এর আগে ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস পাকিস্তান সফর করেছিলেন।