বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ ‘হিরোইক ফ্রিডম ফাইটার’ (Heroic Freedom fighter) নির্ধারণ করে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে, যা ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom fighterব্যবহার করতে হবে।
এর আগে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে দিয়েছিল সরকার। গত বছরের অক্টোবরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ওই গেজেটে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮’-এর ধারা ২ (১১)-এ মুক্তিযোদ্ধাগণকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ওই আইনের সঙ্গে সংগতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।