পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের

পরমাণু অস্ত্রবাহী নতুন প্রজন্মের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল শনিবার উড়িষ্যা উপকূল থেকে অগ্নি সিরিজের ‘অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র’ সফল উৎক্ষেপণ হয় বলে জানিয়েছে এনডিটিভি।

উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি মাঝারিপাল্লার। এক থেকে দুই হাজার কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ওয়ারহেড ওজন দেড় হাজার থেকে তিন হাজার কিলোগ্রামের মধ্যে। এএনআইর প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু সক্ষম কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

এক কর্মকর্তার বরাতে এএনআই জানিয়েছে, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উচ্চস্তরের নির্ভুলতার সঙ্গে তার সব মিশনের উদ্দেশ্য পূরণ করেছে।’ এর আগে চলতি মাসের ৭ তারিখ সফলভাবে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংস্করণের পরীক্ষা চালায় ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রহ্মোস উন্নয়নের একটি ‘প্রধান মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে। সম্প্রতি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রও সফল পরীক্ষা চালায় দেশটির সরকার।