ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
রাজবাড়ী বাজারের প্রতিষ্ঠিত করিম সু হাউজের মালিকও তিনি।
জেলার সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়াও ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ভিপি রেজা নামে পরিচিত।
ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, রেজা ছিলেন দলের নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো।
রাজবাড়ী জেলা বারের সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রেজা। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সকালে মারা যান তিনি।