শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ।

লিগ পর্বের শেষ ম্যাচে রবিবার ১২-০ গোলের জয় তুলে নেয় মারিয়া মান্দারা। সুবাদে লিগ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেই শিরোপার মঞ্চে পা রাখল গোলাম রব্বানী ছোটনের দল।

এদিন প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরো ৮ গোল করে। হ্যাটট্রিক করেছেন আফিদা খন্দকার প্রান্তি ও সাহেদা আক্তার রিপা। জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুই গোলদাতা আঁখি খাতুন ও উন্নতি খাতুন।

২০১৮ সালে প্রথমবার আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেবার অবশ্য টুর্নামেন্টটি ছিল অনূর্ধ্ব-১৮ বয়সীদের নিয়ে। এবার বয়সের মানদণ্ড এক বাড়ানো হয়েছে।

২০১৮ সালে ভুটানে হওয়া আসরটিতে পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের ইতিহাসে সেটিই কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

আর বাংলাদেশের এদিনের জয়টি এবারের আসরে সবচেয়ে বড় ব্যবধানে জয়।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির পাঁচ দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে মেয়েরা। তবে পরের ম্যাচে ভুটানকে উড়িয়ে দেয় ৬-০ গোলে। এরপর ভারতকে হারায় ১-০ গোলে।

চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ। যে মঞ্চে তাদের সঙ্গী ভারত। সমান ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে পা রেখেছে দেশটি।

বুধবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।