বড় হারে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ করল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে নিজেদের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও পাকিস্তানের বিপক্ষে ৬-২ ব্যবধানে হারে স্বাগতিক বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে জোড়া গোল করেন নাদিম আহমেদ ও এজাজ আহমেদ। একটি করে গোল করেছেন আফরাজ আহমেদ ও মোহাম্মদ রাজ্জাক।

বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেছেন আরশাদ হোসেন।

এ নিয়ে চার ম্যাচের সব কটিতেই হারল বাংলাদেশ। ভারতের কাছে ৯-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরুর পর দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ এবং জাপানের কাছে ৫-০ গোলে হারে স্বাগতিকেরা।

পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে একমাত্র বাংলাদেশই বাদ পড়ল। বাকি চার দল খেলবে সেমিফাইনালে।

এদিন দিনের অন্য ম্যাচে জাপানকে ৬-০ গোলে হারায় ভারত। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্বে সবার সেরা হয়েছে দলটি। সেমিতে যারা চারে থাকা জাপানের বিপক্ষে খেলবে। ৪ ম্যাচে পাঁচ পয়েন্ট জাপানের।

সমান পয়েন্ট নিয়েও তৃতীয় পাকিস্তান। যারা সেমিফাইনালে খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ৪ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ কোরিয়া।

২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচ দুটি। ২২ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল অনুষ্ঠিত হবে।