বানরের প্রতিশোধে প্রাণ গেল ২৫০ কুকুরছানার!

একটি বানরছানা একদল কুকুরের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়। এরপর প্রতিশোধে উন্মত্ত হয়ে ওঠে বানর। এরপর একের পর এক আড়াইশ’ কুকুরছানাকে হত্যা করে বানরের দল। সম্প্রতি প্রতিশোধের ভয়ংকর এ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বীদ জেলার মজলগাঁও গ্রামে। খবর নিউজ১৮’র।

মজলগাঁওয়ের বাসিন্দারা বলছেন, মাসখানেক আগে এক বানরছানা একদল কুকুরের হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর দুই গোত্রের প্রাণীর মধ্যে রীতিমতো দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে ফেলছে। বানরের হানায় এ পর্যন্ত ২৫০ কুকুরছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আনন্দবাজার পত্রিকা বলছে, মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। সেখানে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনো কুকুরছানাই বেঁচে নেই।

গ্রামবাসীরা বলছেন, বানর দলের প্রতিশোধের কারণে গ্রাম কুকুরছানা-শূন্য হয়ে পড়েছে। বানরের প্রতিশোধের হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা রাজ্যের বন দপ্তরের শরণাপন্ন হয়েছিলেন। বন দপ্তর একটি বানরও ধরতে পারেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

কয়েকজন বানরের হাত থেকে কুকুরছানা বাঁচানোর চেষ্টা করেছিলেন। তাদের ওপরও চড়াও হয় বানর। কুকুরছানা বাঁচাতে গিয়ে উঁচু থেকে পড়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। তাদের অভিযোগ, কুকুরছানা মেরেও ক্ষান্ত হয়নি বানরের দল। সুযোগ পেলে গ্রামের শিশুদের ওপর হামলে পড়ছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অবশ্য লড়াই থামাতে বন দপ্তরের কর্মকর্তারা চেষ্টা করছেন।