১৫ বছরে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার বেড়েছে তিন গুণ

বাংলাদেশে ১৫ বছরে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার অন্তত তিন গুণ বেড়েছে। এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি ঢাকায়। গতকাল সোমবার বিশ্বব্যাংক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূষণরোধে টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য খুবই জরুরি। এর অংশ হিসেবে প্লাস্টিকের ব্যবহার কমানো ও পুনর্ব্যবহার দেশের সবুজ প্রবৃদ্ধি অর্জনের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার বাইরের শহরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ২০০৫ সালে ছিল তিন কেজি। ২০২০ সালে তা তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ৯ কেজিতে। অন্যদিকে ঢাকাবাসীই বছরে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার করে ২৪ কেজি, যা জাতীয় গড় থেকে উল্লেখযোগ্য হারে বেশি। করোনা সংকটের কারণে প্লাস্টিক দূষণ খারাপ অবস্থায় এসেছে; বিশেষ করে মাস্ক, গ্লাভস ও ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামাদিতে (পিপিই) প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। এসব প্লাস্টিক বর্জ্যের একটি বড় অংশ জলাশয় ও নদীতে ফেলা হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।