বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ৫২ জন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭১৪ ইউপির মধ্যে ৫২ ইউপিতে চেয়ারম্যান পদে কোনো ভোটের প্রয়োজন পড়ছে না। এসব ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় ভোটের আগেই বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা। এ ছাড়া সাধারণ সদস্য পদে ১০৯ জন প্রার্থীসহ সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে তিন পদে এ ধাপে মোট ১৯৩ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

ইসির এক সূত্র জানিয়েছে, তফসিল ঘোষিত ছয় ধাপের ইউপি নির্বাচনের মধ্যে পঞ্চম ধাপের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেড় হাজারের বেশি জনপ্রতিনিধি ভোটের আগেই নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন ও সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, এই ধাপে ৭০৭ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল ৫ জানুয়ারি। কিন্তু বিভিন্ন কারণে স্থগিত থাকা ৭টি ইউপি যুক্ত হওয়ায় ৫ জানুয়ারি ভোট হবে ৭১৪ ইউপিতে।

ইতিমধ্যেই তিন ধাপের ভোট সম্পন্ন করেছে ইসি। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২ ইউপিতে ভোট হবে। পঞ্চম ধাপের ভোট হবে ২৬ জানুয়ারি আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি। প্রতি ধাপেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২ ইউপির নির্বাচন হবে। এদিকে ভোটের আগেই এই ধাপে তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ প্রার্থী। সাধারণ সদস্য পদে ১৩৫ জনসহ সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ১ হাজার ইউনিয়ন পরিষদে ভোট হয়। এ ধাপে ১০০ ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তারা বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন; যা এই ধাপের মোট চেয়ারম্যান পদের প্রায় ১০ শতাংশ। এ ছাড়া সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে আরও ৪৬৯ জন ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৩৩৭ জন সাধারণ সদস্য এবং ১৩২ জন সংরক্ষিত সদস্য।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃণমূলের এ ভোটে সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন; অর্থাৎ এসব পদে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

করোনা মহামারীর মধ্যেই দেশের ১৩ জেলার ৪১ উপজেলার ২০৪টি ইউপির ভোট হয় গত ২১ জুন। প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ১ এপ্রিল তা স্থগিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউনিয়নে নির্বাচন হয়। সেখানে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হন। আর বাকি ১৬০ ইউপির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন ৪৪ জন।