শিক্ষা কর্মকর্তাকে মারধর

দেওয়ানগঞ্জের পৌর মেয়রকে আ.লীগের পদ থেকে বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে, যা সংগঠনের জন্য বিব্রতকর। দলের শৃঙ্খলারক্ষার স্বার্থে ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে শাহনেওয়াজ শাহান শাহকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ’র নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।