বর্তমান সরকার স্বাধীনতাবিরোধী শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াই হলেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। অথচ তাকে বেআইনিভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এর অর্থই হচ্ছে সরকার আজ স্বাধীনতাবিরোধী শক্তিতে পরিণত হয়েছে।’
গতকাল সোমবার মহানগর নাট্যমঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। এ আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো বিএনপির বিজয় দিবসের কর্মসূচি।
মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা বিজয় দিবস উপলক্ষে আলোচনা করছি। কোন বিজয়? যে বিজয়ের ৫০ বছর পরে পরাজয়ের গ্লানি নিয়ে বহন করতে হচ্ছে। সেই পরাজয়টা কীসের? একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আশা-আকাক্সক্ষা সামনে রেখে ৭১ সালে যুদ্ধ করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল মুক্ত সমাজ প্রতিষ্ঠার। আমাদের স্বপ্ন ছিল সব মানুষের জন্য সমান অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার। কিন্তু মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারিনি।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দিয়েছিলেন এবং সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তার আহ্বানের পর দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই স্বপ্নই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে পট-পরিবর্তনের পর আবার আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ঢাকা দক্ষিণের শাখা বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।