বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০২০’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের নেতৃত্বে গঠিত কমিটি এই পুরস্কারের জন্য তাকে মনোনীত করে।

আগামী বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক মানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে এ সম্মাননা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা পুরস্কার প্রদান করবেন। পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক, বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট এবং পাঁচ লাখ টাকা প্রদান করা হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২০০০ সালে অধ্যাপক রেহমান সোবহান, ২০০৯ সালে ড. নুরুল ইসলাম, ২০১১ সালে অধ্যাপক ড. মুশররফ হোসেন, ২০১৩ সালে অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ (মরণোত্তর) ও ড. স্বদেশ রঞ্জন বোস (মরণোত্তর) এবং ২০১৭ সালে ড. আজিজুর রহমান খান ও ড. মাহবুব হোসেন (মরণোত্তর)-কে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার’ প্রদান করা হয়।

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ১৯৪৮ সালের ১ জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে অর্থনীতিতে বিএ (সম্মান) ডিগ্রি অর্জন করেন।