জুয়েলারি শিল্পের সমস্যা সমাধানে প্রয়োজন ঐক্য

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীর বলেছেন, জুয়েলারি শিল্পের সমস্যা সমাধানে সারা দেশের সব মালিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। দেশের সব জুয়েলারি ব্যবসায়ী বাজুসের সদস্য হলে এই খাতে শৃঙ্খলা আসবে। পাশাপাশি বাজুসের তথ্যবহুল একটি পরিসংখ্যান ভা-ার গড়ে তোলার ওপর তাগিদ দিয়েছেন তিনি।

গত সোমবার রাতে রাজধানীতে অনুষ্ঠিত বাজুস কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এসব কথা বলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সায়েম সোবহান আনভীর। এই সভায় বাজুসের নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি ও বাজুসের সহসভাপতি এম. এ. হান্নান আজাদ।

বাজুস সভাপতি বলেন, বাজুসকে আন্তর্জাতিকভাবে পরিচিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্য নিয়ে আমাদের এই পথ চলা। বাজুসের সেবার পরিধি ও কাজের জবাবদিহি নিশ্চিতে প্রাথমিকভাবে ১০টি স্থায়ী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সব জেলায় বাজুসের আধুনিক ব্যবস্থাপনার অফিস স্থাপন প্রয়োজন। এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বাজুস সচিবালয় ঢেলে সাজানোর কথা জানিয়েছেন বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক।

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, আমরা শিল্পটাকে আগামীতে উন্নত করার চেষ্টা করব। আমি এ পর্যন্ত দেখেছি, জুয়েলারি শিল্পে শুধু আমদানিই হয়। এখনো আমরা রপ্তানির ক্ষেত্রে বিকাশ ঘটাতে পারিনি। দেশে জুয়েলারি শিল্পের আরও প্রসার ও রপ্তানি ক্ষেত্রে বিকাশ ঘটাতে হবে। মূলত আমার লক্ষ্যটা থাকবে জুয়েলারি শিল্পের প্রসার। এক্ষেত্রে ভ্যাট ও কর সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব জুয়েলারি শিল্পের প্রসারের জন্য। জুয়েলারি শিল্পে আমরা রপ্তানিকারক দেশে পরিণত হতে চাই।