মুন্সীগঞ্জে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সাহসিকতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে বাংলাদেশ

বাংলাদেশ সাহস ও সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে এমন কথা বলেন মিলার।

গতকাল মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও টিকাদান কর্মীদের সঙ্গে কথাও বলেন মিলার। স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ সাহসিকতা ও সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে। কিন্তু এখনো আমাদের সতর্ক থাকতে হবে। টিকা নিতে হবে, মাস্ক পরিধান ও হাত ধোয়া চালু রাখতে হবে।’

স্বাস্থ্যকর্মীদের বীর সম্বোধন করে মিলার বলেন, ‘মহামারীর ইতিহাসে স্বাস্থ্যকর্মীদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

এ সময় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘মহামারীর সময় শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। তবুও শিক্ষকরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সবসময় সঠিক পথে রেখেছেন। শিক্ষকরা মনোবিজ্ঞানীর ভূমিকা পালন করেছেন।’

মিলার বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা টিকা গ্রহণে একদম ভীত নয়, তারা সাহসের সঙ্গে টিকা নিচ্ছে।’

টিকা কার্যক্রম পরিদর্শনের পর তিনি স্কুল ক্যাম্পাস ঘুরে দেখেন এবং সুন্দর পরিবেশে টিকাকেন্দ্র করার প্রশংসা করেন।

গতকাল মিলারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ শামসুল হক, মুন্সীগঞ্জ সিভিল সার্জন মনজুরুল আলম, অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামান প্রমুখ।