ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপের চিঠি বিএনপি এখনো পায়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছেন তাতে আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করেসিদ্ধান্ত নেবে বিএনপি।’ গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বনানী কবরস্থানের সামনে ‘অর্পণ বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসি গঠনে রাষ্ট্রপতি গত সোমবার বঙ্গভবনে সংলাপ করেছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে। বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো রাষ্ট্রপতির আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে আমরা আগেই বলেছি, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা করব না।’
তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন ‘অর্পণ বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এ সংগঠনের উদ্যোগে রাজধানীর অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলাম। এ ছাড়া এই সংগঠন খুন, গুমের শিকার দলের গণতান্ত্রিক নেতাকর্মীদের মাঝে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে থাকে।’
এর আগে গত সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপকে তামাশা বলে অভিহিত করে বলেন, ‘বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না।’