বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন করা হচ্ছে : আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন পার্ক প্রাঙ্গণে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতাবিরোধী এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘শুধু আইন প্রয়োগ করে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করা যাবে না। এজন্য প্রয়োজন সচেতনতা। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এ সচেতনতা বৃদ্ধি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সমাজ পুরুষভিত্তিক। একসময় এ সমাজে নারীর প্রতি অনেক অত্যাচার ছিল, নির্যাতন ছিল। সমাজে এসব অপরাধ প্রতিহত করতে দেশে অনেক আইন করা হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘নারীদের সুরক্ষা দেওয়ার জন্য এসব আইন প্রয়োগ করা হচ্ছে। নারীরা তার অধিকার নিয়ে সমাজে বেঁচে থাকুক, এটাই এ সরকারের লক্ষ্য। নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।