বংশী নদী দখল-দূষণ

১০ প্রতিষ্ঠানকে জরিমানা পরিবেশ অধিদপ্তরের

সাভারে বংশী নদীতীরবর্তী এলাকায় অবৈধ দখল ও দূষণের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুর ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর নাম জানানো হয়েছে। সেগুলো হলো রিয়া এন্টারপ্রাইজ, আছিয়া এন্টারপ্রাইজ, খালেক এন্টারপ্রাইজ, রহমান এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ (মাসুদ), হাজী জনাব আলী এন্টারপ্রাইজ, গাজী এন্টারপ্রাইজ, একতা এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ ও কালাম ফ্যাশন অ্যান্ড ওয়াশ কারখানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে চালানো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ও হায়াত মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম ও ফাতেমা-তুজ-জোহরা।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বংশী নদী তীরবর্তী এলাকায় অবৈধ দখল ও দূষণ রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।