১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল দশটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়ায় আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, বুধবার সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব এতই বেড়ে যায় যে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।