২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনভয় টেক্সটাইলস

বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে এনভয় টেক্সটাইলস। কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ডিসকাউন্টের কারণে কোম্পানিটি বন্ডের বিপরীতে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা পাবে। তবে মেয়াদ শেষে বন্ডহোল্ডারদের ২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। এসইসির অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। বন্ডের ডিসকাউন্টের হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে।