ভারতের কাছে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয় ছিল ঐতিহাসিক। কপিল দেবের নেতৃত্বে সেই বিশ্বকাপ জয়ের ঘটনা এবার আসছে বড় পর্দায়। কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। এই ছবিতে অতিথি চরিত্রে আছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনও। গত বুধবার মুম্বাইয়ে হয়ে গেল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। সেখানে তারার হাট বসেছিল। দীপিকা পাড়ুকোন ছড়িয়েছিলেন সৌন্দর্যের ঝলক। গাঢ় নীল রঙের অফশোল্ডার গাউন পরে এসেছিলেন দীপিকা। পোশাকের সঙ্গে মিলিয়ে গলায় পরেন ডায়মন্ডের নেকলেস। সব সময় বিচিত্র পোশাক পরে আলোচনায় থাকা রণবীর সিং এদিন অবশ্য একেবারেই জেন্টলম্যান হয়ে ধরা দেন। সাদা টাক্সিডো পরা রণবীর ও স্ত্রী দীপিকার রসায়ন ক্যামেরার সামনে দারুণভাবে ধরা পড়ে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার গল্প উঠে এসেছে এই ছবিতে। দীপিকাকে দেখা যাবে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে। এই ছবিতে বিয়ের পরে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী হিসেবে জুটি বাঁধলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। উদ্বোধনী প্রদর্শনীতে এসেছিলেন স্বয়ং কপিল দেব, ছবির পরিচালক কবির খান, দীপিকার বাবা, মা, বোন ও সুপারস্টার আলিয়া ভাট। আরও ছিলেন পূজা হেগড়ে, রিচা চাড্ডা, হুমা কুরেশি, নোরা ফাতেহি, জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, বানী কাপুর, স্বরা ভাস্কর, পঙ্কজ ত্রিপাঠীর মতো বিখ্যাত তারকারা। ছবিটি দেখে এরইমধ্যে তারা ভালোলাগার কথা জানিয়েছেন।
ইংল্যান্ডের লর্ডসের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে বিশ্বকাপ জয় করেছিল ভারত। ফাইনাল ম্যাচের আগেই ভারতীয় দলের ভারতে ফেরার টিকিট কাটা ছিল। তবে শুধু একটা মানুষই শুরু থেকে বিশ্বকাপ জয়ের স্বপ্নে মশগুল ছিলেন, তিনি হলেন অধিনায়ক কপিল দেব। এই জয়ের অন্যতম নায়ক কপিল দেব হলেও সব ক্রিকেটারকে প্রায় সমানভাবে দেখানো হয়েছে। ছবির ফার্স্ট লুকেই অবিকল কপিল দেবের বেশে হাজির হয়ে চমকে দেন রণবীর সিং। এই অভিনেতা অনেক পরিশ্রম করেছেন ছবিটির জন্য। ট্রেলার দেখার পর থেকে দর্শকের অপেক্ষা আরও বেড়ে গেছে। আজ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।