নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতির সংলাপে যাবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রাষ্ট্রপতির সঙ্গে আগের সংলাপে দেওয়া প্রস্তাবনাগুলো বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা। গতকাল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সংলাপের বিষয় নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের এ সংলাপে কোনো আগ্রহ নেই। আমরা ২০১৬ সালেই প্রস্তাব দিয়েছি। যে এজেন্ডা গতবার ছিল, এবারও তাই। তাই নতুন করে আর এ বিষয়টি আসে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের চিঠি না দিয়ে রাষ্ট্রপতি সংসদের কাছে চিঠি পাঠাতে পারেন এক মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করতে। এখনো নির্বাচন কমিশন গঠনে কোনো আইন করা যায়নি। আগে আইন করতে হবে, তার মাধ্যমে কমিশন গঠন করতে হবে।’
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘এর আগে দুইবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছি। এছাড়া নির্বাচন কমিশনের সঙ্গেও সংলাপে গিয়েছি। ওইসব সংলাপে দলের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, তা এখনো বাস্তবায়ন হয়নি। এ কারণে সংলাপে গিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবনে চিঠি দেওয়া হয়েছে।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গতকাল বাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০১২ সালে এবং ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে পূর্বের প্রস্তাবনাগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতির উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’
ইসি গঠন ইস্যুতে রাষ্ট্রপতি দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন। ইতিমধ্যে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপ শেষ করেছেন তিনি।