শনাক্তের হার আবারও ২ শতাংশ ছাড়াল

নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ফের ২ শতাংশ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) রোগী শনাক্ত হয়েছে ৩৪২ জন এবং শনাক্ত হার ছিল ২ দশমিক শূন্য ৫ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার রোগী শনাক্ত হয়েছিল ৩৮২ জন। সেদিন শনাক্ত হার ছিল ১ দশমিক ৯৫ শতাংশ। এর আগে গত ১৬ আগস্ট দেশে করোনা রোগী শনাক্ত হয়েছিল ৪৬৬ জন। সেদিন নমুনা শনাক্তের তুলনায় শনাক্ত হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ। ওই দিন থেকেই দেশে শনাক্ত হার ২ শতাংশের নিচে নামে। মাঝে ১৯ অক্টোবর শনাক্তের হার ২ শতাংশের বেশি হলেও ২০ অক্টোবর থেকে দৈনিক শনাক্তের হার ২ শতাংশের নিচেই ছিল। সে হিসেবে দেশে প্রায় ২ মাস পর শনাক্ত হার ২ শতাংশে  ওপরে উঠল। এক দিনে শনাক্ত নতুন রোগীর মধ্যে ২৯১ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক মোট শনাক্তের ৮৫ শতাংশ। এদিকে গত এক দিনে দেশের ৩৯ জেলায় কারও শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েনি।

গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন শনাক্ত রোগী নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে রোগী শনাক্ত হয়।

সবশেষ গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ২ জনের মৃত্যু হয়েছিল। মৃত ১ জন রাজশাহী জেলার। বাকি ৬৩ জেলায় কারও মৃত্যু হয়নি। তাদের নিয়ে দেশের আট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ হাজার ৫৫ জন। করোনার এ মহামারীতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।