টাঙ্গাইলের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে দগ্ধ হয়েছেন এক চালক। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা ১৩নং ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
দগ্ধ ওই চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সঙ্গে সঙ্গেই ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্টবোঝাই ট্রাকের চালক।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং প্রায় ৩০ মিনিট চেষ্টার পর ওই ট্রাকচালককে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে প্রায় তার শরীরের ৪০ শতাংশ অংশ পুড়ে গেছে।
দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।