ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধে তরুণ খুন

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রোমান (২০) নামে এক তরুণ খুন হয়েছেন। গত শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৩৫) গলিত মরদেহ উদ্ধার করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত রোমান কাজীপাড়ার দরগা মহল্লার আবদুর রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হোসাইন নামের এক তরুণকে (২০) আটক করেছে পুলিশ। তার বাড়ি দরগা মহল্লায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান ও হোসাইন একসঙ্গে কসাইয়ের কাজ করতেন। রোমানের কাছে ৪০০ টাকা পেতেন হোসাইন। এ টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার দুজনের মধ্যে তর্র্ক হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় কাজীপাড়া এলাকার কাজী মাহমুদ শাহ রোডের একটি চায়ের দোকানে রোমানের বুকে ছুরিকাঘাত করে হোসাইন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, অভিযুক্ত হোসাইনকে আটক করা হয়েছে। পাওনা টাকা নিয়েই এ হত্যাকা- ঘটেছে।

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৩৫) গলিত মরদেহ উদ্ধার করেছে। দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব খান জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়াই সোহাগপাড়া বাজারের পশ্চিম পাশের একটি ডোবা (রহির দও) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আইয়ুব খান আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরদেহের ডান হাতের বাহুর ট্যাটুতে ইংরেজি অক্ষর আর এবং বাম হাতের বাহুর ট্যাটুতে আরবি অক্ষরে আল্লাহ্ লেখা রয়েছে। চোখ-মুখসহ বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে গেছে। এক থেকে দেড় মাস আগে ওই ব্যক্তি মারা যেতে পারে বলে পুলিশ ধারণা করছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।