দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্শকপ্রিয় ‘ইত্যাদি’ এবার ৩৩ পেরিয়ে ৩৪ বছরে পা দিচ্ছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাচীন নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, জনগুরুত্বপূর্ণ স্থান ও মুক্তিযুদ্ধের গৌরবময় স্থানসমূহে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ডাকবাংলোর সামনে। গত ১১ ডিসেম্বর ঐতিহাসিক বাংলোর সামনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শক নিয়ে সুশৃঙ্খলভাবে ধারণ করা হয় এবারের ইত্যাদি। এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। মহান বিজয় আনতে বাংলাদেশের লাখো সন্তান দিয়ে গেছে প্রাণ, তাদের স্মরণে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ইবরার টিপুর সুরে দেশাত্মবোধক গান দ্বৈতকণ্ঠে গেয়েছেন সংগীতের প্রখ্যাত দুই বোন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। হবিগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতিমূলক আরেকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ, কণ্ঠ দিয়েছেন রিয়াদ ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। আরব্য উপন্যাসের আলাদীনের চেরাগ বাস্তবে খুঁজে পাওয়া না গেলেও এবারের অনুষ্ঠানে ফরিদুল আলম নামে একজন প্রযুক্তিপ্রেমী ব্যবসায়ীকে দেখানো হবে, মানুষকে সেবা দিয়ে যিনি হয়ে উঠেছেন প্রযুক্তি যুগের আলাদীনের চেরাগ। ঝিনাইদহের কালিগঞ্জের সাড়ে সাত বছরের বিস্ময় বালক সামিউন আলিম সাদের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। যে শিশুটি মোবাইলের অপব্যবহার নয় বরং এই প্রযুক্তিকে ব্যবহার করে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। রয়েছে দু’জন মানুষের ওপর একটি উদ্বুদ্ধকরণ মানবিক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে গ্রিসের প্রাচীন নিদর্শন ঐতিহ্যবাহী অ্যাক্রোপোলিস। এছাড়া দর্শকপর্বসহ নিয়মিত পর্বগুলো তো থাকছেই। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।