অস্থায়ী শ্রমিক ভিসা স্কিমের মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাজ্য

মৌসুমি শ্রমিকদের জন্য অস্থায়ী ভিসা স্কিমের মেয়াদ ২০২৪ সালের শেষ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। তবে ২০২৩ সাল থেকে এ কোটায় শ্রমিকের সংখ্যা কমিয়ে আনা হবে। যুক্তরাজ্য সরকার বলছে, আগামী বছর ফুল, ফল ও সবজি তোলার কাজের জন্য ৩০ হাজার শ্রমিককে ছয় মাসের ভিসা দেওয়া হবে। এ সংখ্যা ৪০ হাজারও হতে পারে। কিন্তু ২০২৩ সালের শুরুর দিক থেকে ভিসার সংখ্যা কমিয়ে আনা হবে উল্লেখ করে সরকার আরও বলছে, এসব খাতে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সরকার বলছে, এ স্কিমে পরিবর্তন আনা হচ্ছে, যাতে চাকরিদাতারা ন্যূনতম একট মজুরি প্রদান করেন।

কৃষিসহ যেসব খাতে মজুরির হার কম, সেসব খাতে যুক্তরাজ্য যে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল ব্রেক্সিটের পর তা স্পষ্ট হয়ে ওঠে। আর ওই বিষয়টা সামনে রেখেই ২০১৯ সালের মার্চে ইইউর বাইরে থেকে শ্রমিক নিয়োগে পরীক্ষামূলক একটি স্কিম হাতে নেওয়া হয়। ৩০ হাজার ভিসা বাকি থাকতে গত বছরের ডিসেম্বরে এর মেয়াদ বাড়ানো হয়।

চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছিল, ট্রাকচালক ও পোলট্রিতে কাজের জন্য ১০ হাজার ৫০০ জনকে তিন মাসের ভিসা দেওয়া হবে। ট্রাকচালক সংকটে ওই সময় দেশটিতে জ¦ালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল। ২০২৩ সাল থেকে কৃষি খাতে বিদেশি শ্রমিক কমিয়ে আনার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন স্কটল্যান্ডের একজন কৃষক নেতা। স্কটল্যান্ডে অভিবাসী শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে।