খালেদা জিয়াকে ‘নারী মুক্তিযোদ্ধা’ আখ্যায়িত করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তা বাংলাসাহিত্যের ‘আষাঢ়ে গল্পের’ মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতিটি পাঠানো হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকৃতপক্ষে একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া বীর নারীদের গৌরব গাথা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ করার অপচেষ্টা চালিয়েছেন। কারণ মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপির শক্তির একমাত্র উৎস।’
তিনি বলেন, ‘আশা করি, বিএনপি নেতারা এ ধরনের বানোয়াট গল্প থেকে বিরত থাকবেন। তাদের বোধোদয় হওয়া উচিত যে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মতো ঔদ্ধত্যপূর্ণ ও জাতিদ্রোহিমূলক কার্যকলাপে লিপ্ত থাকার কারণেই বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা বিদেশে অর্থ পাচারের কথা বলেছেন। দেশবাসী জানেন, এই অর্থ পাচারের মূল হোতা কারা ও হাওয়া ভবন সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দুর্নীতিতে বারবার বিশ্বচ্যাম্পিয়ন ও অর্থ পাচারকারীদের দল বিএনপি নেতাদের মুখে অর্থ পাচারের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়!’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ দেশের জনগণ জানে, বিএনপির সাজাপ্রাপ্ত নেতা, একাত্তরের পরাজিত অপশক্তি ও যুদ্ধাপরাধীদের রক্ষা, সরকারবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নে পৃথিবীর বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগে এবং বিএনপির মনোনয়ন ও পদবাণিজ্যের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে কারা পাচার করছে।’
সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আর্থ-সামাজিক সব সূচকেই বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দেশের টাকা দেশে আছে বলেই উত্তরোত্তর বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। অথচ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত বাংলাদেশের কোনো উন্নয়নই বিএনপি নেতাদের চোখে পড়ে না।’