মিয়ানমারে যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে দ্বন্দ্ব সংঘাতে বিধ্বস্ত কায়া রাজ্যে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নারী ও শিশুসহ ৩০ জনকে পুড়িয়ে মারার অভিযোগ আসার পরপরই সংস্থাটি তাদের কর্মী নিখোঁজের এ খবর জানাল।
সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলের একটি রাজ্যে সহিংসতায় নারী-শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। একই সময়ে তাদের দুজন কর্মীকে ‘আটক’ করা হয়েছিল। কিন্তু এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ‘নিশ্চিত হতে পেরেছে যে তাদের ব্যক্তিগত গাড়িতে হামলা করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে’। এ ঘটনার পর বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইনগার অ্যাশিং এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।