এক দিনের ব্যবধানে নমুনা পরীক্ষার তুলনায় রোগী কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) রোগী শনাক্ত হয়েছে ২৬৮ জন এবং মৃত্যু হয় চারজনের। এর আগের দিন শরিবার রোগী শনাক্ত হয়েছিল ২৬৮ জন। সেদিন মৃত্যু হয়েছিল ১ জনের। এক দিনে শনাক্ত নতুন রোগীর মধ্যে ২৪৬ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক মোট শনাক্তের ৯২ শতাংশ। এদিকে গত এক দিনে দেশের ৫২ জেলায় কারও শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েনি।
গতকাল রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হার ছিল ১ দশমিক ৫৭ শতাংশ। এর আগের দিন শনাক্ত হার ছিল ২ দশমিক শূন্য ১ শতাংশ। এক দিনে ১৭ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন শনাক্ত রোগী নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়।
সবশেষ গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। ৬৪ জেলার মধ্যে ফরিদপুর, নারায়গঞ্জ, নরসিংদী ও রাজশাহী জেলায় একজন করে মারা গেছেন। বাকি ৬০ জেলায় কারও মৃত্যু হয়নি। তাদের নিয়ে দেশের আট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৫০ জন। করোনার এ মহামারীতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।