ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ হয়েছে গতকাল রবিবার। আগের ধাপগুলোর মতো এবারও সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে।
এরমধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে হামিদুল নামে একজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় পুলিশ গেলে একটি পক্ষ তাদের ওপর চড়াও হয়। তখন পুলিশ গুলি করে। জেলার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা এমরান হোসেনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরেকজন নিহত হয়েছেন। তার নাম আবদুস সালাম (৪০)। ভোটের ফলাফল ঘোষণার পর গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত সালামের ছেলে জসিম উদ্দিনের দাবি, গুলিতে তার বাবা নিহত হয়েছেন। তবে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ জানান, আবদুস সালামের মৃত্যু কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৪২) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যার পর চরমোন্তাজ ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের নয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।
তিনি ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিয়ার সমর্থক। র্যাবের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে এমন দাবি পরিবারের। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে এখনো দায়িত্বশীল কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার রাঙ্গাবালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজমল হোসাইন বলেন, ভোট গণনার সময় কারচুপির অভিযোগ এনে মেম্বার প্রার্থী জিয়ার কেন্দ্র এজেন্ট ফল ঘোষণায় বাধা প্রদানসহ বিশৃঙ্খলা তৈরি করে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ফল ঘোষণা করে চলে আসার পথে মেম্বার প্রার্থী জিয়ার সমর্থকরা লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি নিজেসহ বেশ কয়েক পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন। প্রশাসন এসে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছে।
এদিকে গতকালের ইউপি নির্বাচনে ১১টি জেলায় সংঘর্ষ, গুলি ও হামলার ঘটনায় আহত হয়েছে শতাধিক। এর মধ্যে মা-মেয়েসহ গুলিবিদ্ধ হয়েছেন ১৪ জন। সংশ্লিষ্ট এলাকার পুলিশ, প্রশাসন ও ভোটগ্রহণ কর্মকর্তারা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে ‘আনন্দমুখর পরিবেশে’ ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
গতকাল ৮৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। এর আগে তিন ধাপের নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় অন্তত ৭৫ জন নিহত হয়েছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমরা দেখেছি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়েছে, আনন্দমুখর পরিবেশে হয়েছে এবং জনগণের সম্পৃক্ততা ছিল। ভোটারদের উপস্থিতিও আমরা যেটা আশা করছি ৭০ শতাংশের ওপরে হবে।’
এ সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।
ইসি সচিব বলেন, প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণবহির্ভূত থাকার কারণে ১৫টি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। মোট ভোটকেন্দ্র ছিল ৯ হাজার ২২৪টি। সেই হিসাবে ০.১৬ শতাংশ ভোটকেন্দ্র বন্ধ করতে হয়েছে। তার দাবি, ভোটগ্রহণকালীন ২৯ জন আহত হয়েছেন। আটক হয়েছেন ৬৩ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচজনকে জরিমানা করেছেন।
সংশ্লিষ্ট এলাকা থেকে পাওয়া ভোটের বেসরকারি ফলাফল অনুযায়ী, মাগুরার শ্রীপুরে ৮টি ইউপির মধ্যে ৬টিতে আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৭টি ইউপির ৬টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। খালিয়াজুরি উপজেলার তিনটিতে স্বতন্ত্র ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী জিতেছেন। মদনে দ্বিতীয় ধাপের স্থগিত ভোট গতকাল হয়েছে। এখানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।
সহিংসতা ও ব্যালট পেপার ছিনতাই : ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে হামিদুল নামের একজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় পুলিশ গেলে একটি পক্ষ তাদের ওপর চড়াও হয়। তখন পুলিশ গুলি করে। জেলার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একই জেলার সদর উপজেলা আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাবুল ও তার মেয়ে কামরুন নাহারকে আটক করা হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি করে। গুলি লেগে হোসেন আলী নামের একজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আটক কাবুলকে ৬ মাসের জেল ও কামরুন নাহারকে ১০ হাজার টাকার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে গুলিতে ভোট দিতে আসা মা-মেয়েসহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে একজন মেম্বার প্রার্থীর সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের ওপর গুলি ছুড়লে তারা আহত হন। তারা হলো শিশু আসমা আক্তার ও তার মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবী, মিয়া সাহেব ও রাজ। মা-মেয়েসহ ছয়জনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা অন্যান্য হসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, নির্বাচন চলাকালে বিভিন্ন অভিযোগে পুলিশ ৭২ জনকে আটক করেছে।
কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আৎকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মিয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ২০-২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে ওই কেন্দ্রে। নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী কয়েক শ সমর্থক নিয়ে ভোটেকেন্দ্রে হামলা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার এ ঘটনা ঘটে।
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা বালিকাবিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মেম্বার প্রার্থীসহ ৮ জন আহত হয়েছেন। চারঘাট উপজেলার হলিদাগাছি বিদ্যালয় কেন্দ্রে মোতালেব নামের এক ভোটারকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শলুয়া ইউনিয়নের শিবপুর ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের খুদেহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রায় আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পুলিশ আতিকুর রহমান সবুজ ও মো. রায়হান নামের দুজনকে আটক করেছে।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ঘোষপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নৌকার প্রতীকের সমর্থকরা ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করলে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মালিথা ও আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া নজরুল ইসলাম হাবু উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে নৌকার পক্ষে ভোট কেটে নেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের আন্ধারমানিক জুনিয়র উচ্চবিদ্যালয় কেন্দ্রটিতে দুই মেম্বর প্রার্থী আব্দুল মালেক ও আবুল কাশেমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। উপজেলার জালালপুর ইউনিয়নের চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বর), সংরক্ষিত নারী আসনে ৪০০টি করে ব্যালট পেপার ছিনতাই হয়েছে। এ ঘটনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী গোলাম মোস্তফা ও আজহারুল ইসলামের সমর্থকদের মধ্য সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। কবির সর্দার (৫৫) নামের আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সে কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া সরিষাবাড়ী উপজেলার মাহাদান ইউনিয়নের সেঙ্গুয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী খায়রুল কবিরের সমর্থকরা দুটি ব্যালট বাক্স ছিনতাই করে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গিয়ে আহত হন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল জলিল ও পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা গেলেও আরেকটি পাওয়া যায়নি। এ ঘটনায় এরশাদ নামে একজনকে আটক করেছে পুলিশ। কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীকের সমর্থকেরা কেন্দ্র দখল করতে আসে। এ সময় আনারস প্রতীকের সমর্থকেরা বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। শুভরাঢ়া ইউনিয়নের বাশুয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। পরে দুই ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া। হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হুগলাকান্দী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ব্যালটে জোর করে সিল মারার সময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একই উপজেলার হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার প্রার্থী তার দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে চারটি ব্যালট বক্স ছিনিয়ে নেন। দুই ঘণ্টা পর বাক্স উদ্ধার করে আবার ভোট নেওয়া হয়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে।
এদিকে নরসিংদীর রায়পুরা পৌরসভা নির্বাচনে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী নারকেলগাছ প্রতীকের আব্দুল কুদ্দুস ও মোবাইল ফোন প্রতীকের জামাল মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের খালেআলমপুর কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এই কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, ওই কেন্দ্রে দুর্বৃত্তদের ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। ইউনিয়নের চারটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।
ভোট বর্জন : নৌকার প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী। ভোট চলাকালে গতকাল দুপুরে ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। মোহাম্মদ আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান। চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফৌজুল কবিরের বিরুদ্ধে নির্বাচনে নানা কারচুপি ও নিজের ভোট দিতে না পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন স্থানীয় বিএনপির এই নেতা। তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আগের দিন আমার বাড়িতে বারবার পুলিশ অভিযান, কর্মীদের গ্রেপ্তার, কোনো কেন্দ্রে আমার এজেন্ট বসতে না দেওয়া, একতরফা নৌকা প্রতীকে ভোটগ্রহণ করেছে। এমনকি আমার নিজের ভোট পর্যন্ত দিতে পারিনি। তাই এই প্রহসনের নির্বাচন বর্জন করছি।’
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। তারা হলেন মাসুদ খান, কাজী রফিকুল ইসলাম ও জুটন চন্দ্র দত্ত। তাদের অভিযোগ, সকাল থেকে বেশির ভাগ ভোটকেন্দ্রে তাদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। যেসব কেন্দ্রে এজেন্ট ছিলেন, তাদের মারধর করে, ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়। প্রায় সব কেন্দ্রে প্রকাশ্যে সিল মারাসহ ভোটারদের নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়। এসব অনিয়মের অভিযোগ প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জোবাইদা খাতুন সাংবাদিকদের বলেন, যেসব অনিয়মের অভিযোগে ওই প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন, সেসব বিষয়ে কেন্দ্র থেকে কোনো অভিযোগ আসেনি।
এজেন্ট, প্রিসাইডিং অফিসার আটক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ৩৪ হাজার টাকাসহ আটক হওয়া মো. মহসিন মিয়া (৩২) নামে আওয়ামী প্রার্থীর এজেন্টকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী এজেন্ট ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ধারণা করা হচ্ছে ওই এজেন্ট কেন্দ্রে ভোটগ্রহণে দায়িত্বরত কাউকে দেওয়ার জন্য টাকাগুলো এনেছিলেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাডা নৌকা মার্কার দুই এজেন্টসহ তিনজনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এ দুই প্রিসাইডিং অফিসার হলেন শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন।
হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায় জানান, মধ্যগড্ডিমারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর এজেন্ট হাসান আলী, লুৎফর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে একই প্রার্থীর এজেন্ট শাহীনুর ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া মধ্যগড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আবুল কালাম আজাদ নামের এক মেম্বার প্রার্থীর এজেন্টকেও আটক করা হয়।
টাকা ভর্তি খামে লেখা সহকারী প্রিসাইডিং অফিসারের নাম : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের কাছ থেকে সহকারী প্রিসাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম পাওয়া যায়। এ ঘটনায় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া হাবিবুল বাশার নামে ওই এজেন্টকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাশার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান ভূঁইয়ার এজেন্ট ছিলেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভোটের দুই ঘণ্টা আগে প্রার্থীর মৃত্যু : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোটগ্রহণের দুই ঘণ্টা আগে মো. মনির তালুকদার নামের এক মেম্বার প্রার্থী মারা গেছেন। গতকাল ভোর ৬টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মনির শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে ওই পদে নির্বাচন অনুষ্ঠানে আইনত কোনো বাধা নেই।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাজশাহী, চট্টগ্রাম ব্যুরো ও সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধিরা)