নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরির অভিযোগ ও পুনঃগণনার দাবিতে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গের প্রার্থী ও তার সমর্থকরা।
গতকাল সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষিত সদস্য প্রার্থী (১,২, ৩) তৃতীয় লিঙ্গের অনিকা শাহাবুদ্দিনের পক্ষে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সোনারগাঁ নির্বাচন অফিসার বরাবর ভোট পুনঃগনণার জন্য আবেদন করা হয়।
মানববন্ধনে অনিকা শাহাবুদ্দিন বলেন, আমি নির্বাচনে আমার হেলিকপ্টার প্রতীকে ৩ নম্বর কেন্দ্রে ১০৬২ ভোট পেয়েছি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উর্মি সূর্যমুখী প্রতীকে পেয়েছে ২১৭ ভোট। এ ঘোষণার কিছুক্ষণ পর ফল পাল্টে আমার ১০৬২ ভোট উর্মির ও সূর্যমূখী প্রতীকের ২১৭ ভোট আমার বলে ঘোষণা করে উর্মিকে জয়ী ঘোষণা করা হয়। আমি আমার অধিকার আদায়ের জন্য আজই আদালতে মামলা করব।’
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ-উর-রহমান বলেন, অনিকা শাহাবুদ্দিন ভোট পুনঃগণনার জন্য লিখিত আবেদন করেছেন। কিন্তু ভোট পুনঃগণনা সম্ভব না বলে তাকে জানিয়ে দিয়েছি এবং এ ব্যাপারে তাকে আদালতের সহযোগিতা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।