বড় পর্দার জনপ্রিয় জুটি সিয়াম আহমেদ আর পূজা চেরী অভিনীত ‘শান’ সিনেমার ট্রেলার ও গান মুক্তির পর দর্শক এটি দেখার অপেক্ষায় দিন গুনছেন। ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি দিতে আর কোনো বাধা নেই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘শান’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে গত ২৬ ডিসেম্বর। সেন্সর বোর্ড সিনেমাটি দেখে প্রশংসাও করে। ‘শান’ নির্মাতা এম রাহিমের প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা। তিনি বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ায় দারুণ লাগছে। সেন্সরে জমা দেওয়ার পর কদিন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। একটা সেনসিটিভ কাহিনী, বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ শানের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ-দৌলা। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।