স্বজনের মরদেহ দেখতে গিয়ে পথেই লাশ পরিবারের ৪ নারী

স্বজনের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তার মুখ দেখতে একটি ইজিবাইকে করে ঢাকার নবাবগঞ্জের খালপাড় এলাকার উদ্দেশে রওনা হন এক পরিবারের চার নারী। পথে মৃধাকান্দা পৌঁছলে একটি বালুবাহী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনিও পথে মারা যান। গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০) ও ভাগ্নি সুফিয়া বেগম (৩০), সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সবাই উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্য ও  স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ভাবি ও ভাগ্নি এবং আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইকে করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন চার নারী।

এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে উল্টে পড়লে ট্রাকচাপায় ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় গতকাল দুপুরে একটি গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন। বাগেরহাটের শরণখোলায় ব্যাটারিচালিত অটোরিশার চাকায় পিষ্ট হয়ে সিয়াম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন লেক রোডে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে

জামালপুরে বসতঘরে ট্রাক ঢুকে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত : জামালপুরের দেওয়ানগঞ্জে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে উল্টে পড়লে ট্রাকচাপায় ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার ডাংধরা ইউনিয়নের গারোহারীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর থেকে কুড়িগ্রামের রাজীবপুরগামী একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডাংধরা ইউনিয়নের গারোহারী এলাকায় বকশীগঞ্জ-রৌমারী সড়কের পাশে অবস্থিত জয়নাল আবেদীনের বসতঘরে ঢুকে উল্টে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় জয়নাল আবেদীন (৬০) ও তার স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।

কালিয়াকৈরে গাড়িচাপায় যুবক নিহত : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় গতকাল দুপুরে একটি গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু আহত হন। নিহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর দিঘলচালা গ্রামের আতাউর রহমান কুটি (২৩)। তিনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।

বাগেরহাটে ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশুর : বাগেরহাটের শরণখোলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে সিয়াম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি ফেলে চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

রাজধানীতে যুবক নিহত : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন লেক রোডে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মেট্রোরেলের কর্মী ছিলেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার এসআই সাব্বির আলম জানান, সন্ধ্যার পর লেক রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ওই ব্যক্তি।